প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ PM ||
প্রকাশের তারিখঃ ৫ অক্টোবর, ২০২৬, ৮:১৮ PM
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকাকে স্মরণ করলেন শিক্ষার্থী শাশ্বতি ইসলাম সুষমা
গোপালগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিজের জীবনের অন্যতম অনুপ্রেরণাদায়ী শিক্ষক মোসাঃ সালমা খানমকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শাশ্বতি ইসলাম সুষমা।
এক স্মৃতিচারণমূলক বক্তব্যে তিনি বলেন, শিক্ষাজীবনে অনেক শিক্ষকের সান্নিধ্য পেলেও সালমা খানম ম্যাম তাঁর জীবনে বিশেষ প্রভাব বিস্তার করেছেন। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে জীবনবোধ, মানবিকতা, সম্পর্কের মূল্যবোধ এবং সত্য ও সততার শিক্ষা তিনি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন।
শাশ্বতি ইসলাম সুষমা জানান, স্কুল ও প্রাইভেট—দুই জায়গাতেই দীর্ঘ সময় ম্যামের কাছে পড়ার সুযোগ হয়েছে তাঁর। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সালমা খানম। এমনকি তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কটিকেও নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছিলেন এই শিক্ষিকা।
তিনি আরও বলেন, ম্যামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এতটাই গভীর ছিল যে, একসময় ম্যাম ডে শিফট থেকে মর্নিং শিফটে বদলি হলে তিনি ও তাঁর দুই বান্ধবীও মর্নিং শিফটে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিদ্যালয়ের বাইরেও ম্যামের বাসায় গিয়ে সময় কাটানো, পরামর্শ নেওয়া এবং নানা স্মৃতি আজও তাঁর হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।
স্মৃতিচারণে শাশ্বতি উল্লেখ করেন, প্রতিকূলতার মধ্যেও অদম্য অধ্যবসায় ও সংগ্রামের মাধ্যমে সালমা খানম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এড ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি নিজের সন্তানকেও উচ্চশিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ লাভ করেন এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন।
তিনি বলেন, জীবনে মেডিকেল সেক্টরে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্তের পেছনেও সালমা খানম ম্যামের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকাকে স্মরণ করে শাশ্বতি ইসলাম সুষমা বলেন, “সালমা খানম ম্যাম শুধু একজন শিক্ষক নন, তিনি আমার জীবনের একজন অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর শেখানো মূল্যবোধ আজও আমার প্রতিটি পদক্ষেপে পথ দেখায়।”
বিশ্ব শিক্ষক দিবসে তিনি তাঁর প্রিয় শিক্ষিকাসহ বিশ্বের সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১